Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না সাংবাদিক নোমান

এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না সাংবাদিক নোমান

Oplus_131072

এআর রহমান, বিশেষ প্রতিনিধি, সিলেট বিভাগ:

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাংবাদিক অলিউল্লাহ নোমান ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে তিনি রাষ্ট্রীয় ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা সরকারি প্লট গ্রহণ করবেন না। সাধারণ নাগরিক ও সংসদ সদস্যদের মাঝে বৈষম্য দূর করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

Advertisement

মঙ্গলবার রাতে মাধবপুরের বহরা ইউনিয়ন ও শাজাহানপুরের নো হাটি বাজারে হঠাৎ গণসংযোগে অংশ নিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। পূর্ব ঘোষণা ছাড়াই নোমান সেখানে পৌঁছালে জামায়াতের নেতাকর্মী ছাড়াও বহু সাধারণ মানুষ তাঁর বক্তব্য শুনতে জড়ো হন।

গণসংযোগে তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য প্রাপ্ত রাষ্ট্রীয় বরাদ্দ জনসমক্ষে প্রকাশ করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে তা ব্যয় করা হবে। মাধবপুর ও চুনারুঘাটের যোগাযোগব্যবস্থা উন্নত ও আধুনিকায়নেও সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন তিনি।

দুর্নীতিমুক্ত উন্নয়নের ওপর জোর দিয়ে নোমান বলেন, “দুর্নীতি রোধ করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব। দুর্নীতির কারণে বরাদ্দের বড় অংশ অপচয় হয়, ফলে কাজগুলো স্থায়ী হয় না। উন্নয়ন প্রকৃত অর্থে বাস্তবায়ন করতে হলে দুর্নীতি নির্মূল জরুরি।”

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী দুর্নীতিমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য ও পরীক্ষিত ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে হবে।

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রসঙ্গে নোমান বলেন, শেখ হাসিনার শাসনের শুরুর সময় থেকেই তিনি ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে কলম ধরে প্রতিবাদ করে আসছেন। এর জন্য তাঁকে কারাবরণ করতে হয়েছে এবং শেষ পর্যন্ত দেশত্যাগও করতে হয়েছে। “ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে আসছে আমার দেশ পত্রিকা এবং সম্পাদক মাহমুদুর রহমান। আমিও সেই লড়াইয়ের একটি ক্ষুদ্র অংশ”—যোগ করেন তিনি।

তিনি বলেন, “প্রতিটি নাগরিকই আসলে এমপি। তারা ভোট দিয়ে একজনকে সংসদে পাঠান তাদের কথা বলার জন্য। তাই সৎ ও যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে হবে।”

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর অলিউল্লাহ নোমানকে হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়। এর আগে এ আসনে দলটির প্রার্থী ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান।

Advertisement