Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:51 pm
অন্যান্য

মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

সাজ্জাদ হোসাইন শাহিন -স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহ পৌরসভা এলাকার পশ্চিম শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশা মনি (২৮) মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৪ জুন দুপুরে পূর্ব বিরোধের জেরে খোরশেদ, রাসেদ, রুবেল, সামাদ, সাগর, রুহুল আমিন ও আবুহুরাসহ কয়েকজন দেশীয় অস্ত্র, দা, লাঠি, লোহার রড, শাবল ও হাতুড়ি নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার মেয়ে মোছা. মাইমুনা আক্তার বাধা দিতে গেলে অভিযুক্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে তাকে গুরুতর আহত করে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা বসতঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘরের শোকেসে থাকা নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা এবং প্রায় ১ ভরি ৪ আনা স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা, নিয়ে যায় অভিযুক্তরা। এ সময় প্রাণভয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল ত্যাগের আগে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে খুন ও জখমের হুমকি দেয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মাইমুনা আক্তারকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে খোরশেদ গংদের সাথে যোগাযোগ করা হলে দুই পক্ষেই ইট পাটকেল নিক্ষেপ করার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Advertisement

Advertisement