উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এতে তিস্তা অববাহিকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে করেছে নদী তীরবর্তী নিম্নালের ফসলের ক্ষেত।
এরই মধ্যে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (২৪ জুলাই) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।
কুড়িগ্রাম পাউবো কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি ৫৬ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি ১২ সেন্টিমিটার ব্রহ্মপুত্র নদের পানি ২ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজারহাট উপজেলার তিস্তা চরের সরিষাবাড়ি গ্রামের কৃষক কাইয়ুম বলেন, রোববার থাকি তিস্তার পানি বাড়বেইছে। তবে বন্যা হবার মতো পানি বাড়ে নাই। পানি যদি আরও জোরে বাড়ে তাহলে সবজি খেতগুলো নষ্ট হবে।
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা তীরবর্তী চতুরা এলাকার বাসিন্দা মিলন বলেন, পানি কিছুটা বাড়ছে, তবে বন্যা হওয়ার মতো বাড়েনি।
কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টায় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তিস্তা নদীসংলগ্ন স্বল্পমেয়াদী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।




