ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে।
বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে। এরই প্রেক্ষিতে সরিয়ে নেওয়া নেওয়া হলো পিএসএল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে, পিএসএলের ফাইনালসহ বাকি থাকা আটটি ম্যাচের চূড়ান্ত সূচি যথাসময়ে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশোয়ার জালমির। তবে স্টেডিয়ামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর বিকালে ম্যাচটি স্থগিত করা হয়। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে জরুরি সভায় বসেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।
কয়েক দফা বৈঠকের পর মধ্যরাতে আসে পিএসএল পাকিস্তান থেকে আরব আমিরাতে স্থানান্তরের ঘোষণা।
এ দিকে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে আইপিএলের ১৭তম আসর।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন।




