Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:36 pm
অন্যান্য

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে আত্মহত্যা, মাদারগঞ্জের মেধাবী শিক্ষার্থী সাগরের মৃত্যুতে শোক

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে আত্মহত্যা, মাদারগঞ্জের মেধাবী শিক্ষার্থী সাগরের মৃত্যুতে শোক

মাদারগঞ্জ প্রতিনিধি:
ভারতের রাজধানী দিল্লিতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর এক বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় জামালপুরের মাদারগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর নাম মোস্তাক আহমেদ সাগর (২৫)। তিনি মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি বাজার এলাকার বাসিন্দা এবং পল্লি চিকিৎসক মোশারফ হোসেন মিন্টুর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে ভারতের দিল্লির ফরিদাবাদ এলাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছিলেন সাগর। শনিবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস পোস্ট করার কিছু সময় পর তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।
সাগরের বাবা মোশারফ হোসেন মিন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ছেলের দেওয়া ফেসবুক পোস্ট দেখতে পান স্বজনরা। কিছুক্ষণ পর ভারত থেকে তার মৃত্যুর সংবাদ আসে। খবরটি পৌঁছানোর পর পরিবারে নেমে আসে শোকের মাতম।
নিহতের মা সুফিয়া বেগম জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সাগরের সঙ্গে তার শেষ কথা হয়। সে সময় ছেলেকে গোসল, খাওয়া ও পড়াশোনার বিষয়ে জিজ্ঞাসা করলে সাগর জানান, তিনি শুয়ে আছেন এবং পরীক্ষার এখনও সময় আছে। কলেজে জমা দেওয়ার জন্য পাঠানো টাকার হিসাব ও মেমো চাইলে পরে পাঠাবেন বলে ফোন কেটে দেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল আমার ছেলের।”
ফেসবুক পোস্টে সাগর মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জীবনের নানা সংগ্রামে ক্লান্ত হয়ে পড়ার কথা উল্লেখ করেন বলে পরিবার জানায়। পাশাপাশি নিজের সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধও করেন তিনি।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, সাগরের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একজন প্রতিনিধি ফোনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জানতে পেরেছি দিল্লির একটি হাসপাতালে তার মরদেহ রয়েছে এবং স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।”
এদিকে, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, “শিক্ষার্থী মোস্তাক আহমেদ সাগরের মৃত্যুর বিষয়টি ফেসবুকের মাধ্যমে অবগত হয়েছি।”
সাগরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। বন্ধু, সহপাঠী ও স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

Advertisement
Advertisement