মো. আবুসাঈদ গালিব দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দিঘলকান্দি বাজার এলাকায় এক টেরিটরি সেলস ম্যানেজারকে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রুবেল মিয়া (৩৮) দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল মিয়া এ্যাপেক্স ড্রাগস্ ল্যাবরেটরী ইউনানি ওষুধ কোম্পানির টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) হিসেবে কর্মরত রয়েছেন। জামালপুর ও শেরপুর জেলা তার দায়িত্বাধীন এলাকা।
বুধবার (২০ মে) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে বিভিন্ন বাজারে কালেকশন শেষে দিঘলকান্দি বাজার থেকে খড়মা নতুন বাজারের দিকে যাওয়ার পথে একটি গরুবাহী ট্রাক বেপরোয়া গতিতে ওভারটেক করলে দুর্ঘটনা এড়াতে তিনি রাস্তার পাশে নিচে ঝাঁপ দেন।
পরে দিঘলকান্দি বাজারে গিয়ে ট্রাক চালককে সতর্ক করতে চাইলে সেখানে উপস্থিত মমিনুল হক (৫৫) ও তার সঙ্গে থাকা আরও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে মমিনুল হক একটি ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়।
এসময় হামলাকারীরা তার প্যান্টের পকেটে থাকা কোম্পানির কালেকশনের ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন রুবেল মিয়া। পাশাপাশি মামলা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি জানান।
পরে স্থানীয়দের সহায়তায় আহত রুবেল মিয়াকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দেওয়ানগঞ্জে টেরিটরি সেলস ম্যানেজারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ




