সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহ থানার রাতের ডিউটি ও টহল কার্যক্রম আরও জোরদার করতে একটি নতুন পিকআপ গাড়ি প্রদান করেছেন জামালপুরের পুলিশ সুপার। নতুন এই যানবাহন যুক্ত হওয়ায় রাতের বেলায় বিভিন্ন এলাকায় দ্রুত পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে সম্প্রতি গরু চুরি ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান পরিচালনা এবং সন্দেহভাজন যানবাহন আটক করতে এই পিকআপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া জরুরি ঘটনায় দ্রুত সাড়া দেওয়া, টহল জোরদার করা এবং প্রত্যন্ত এলাকায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও নতুন গাড়িটি কার্যকর হবে।
স্থানীয়রা আশা করছেন, পুলিশের যানবাহন সক্ষমতা বৃদ্ধির ফলে মেলান্দহ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং রাতের অপরাধ প্রবণতা কমে আসবে।




