কে এম আহসান, শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরে সেচ পাম্পের পানি দেওয়ার জন্য মটর মেরামত করতে গিয়ে মোঃ আকরাম হোসেন (৪২) ও হানিফ আলী (৪৫) নামের দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটে।
কৃষক আকরাম হোসেন সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং হানিফ আলী একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত্তারকান্দি গ্রামের কৃষক মোঃ আকরাম হোসেন বুধবার সকালে কৃষি শ্রমিক হানিফ আলীকে সাথে নিয়ে বুধবার সকালে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা চালাতে গিয়ে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
