আতিকুর রহমান আতিক:
খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তনের মাধ্যমে প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী।
গত সোমবার (১ ডিসেম্বর) খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্তের ঘোষণা দেন। পরে বুধবার বিকালে স্থানীয় নেতাদের বৈঠকে এই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কৃষ্ণ নন্দী বলেন,
‘আমাকে কেন্দ্রে ডাকা হয়েছিল। সেখানে জামায়াত আমিরসহ উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। নির্দেশনা পেয়েছি—এখন এলাকায় গিয়ে কাজ শুরু করব।’
এর আগে এই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। পরিবর্তন প্রসঙ্গে কৃষ্ণ নন্দী বলেন,
‘জামায়াত আমির আজ আমাদের দুজনকে বুক মিলিয়ে দিয়েছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’
জানা গেছে, ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন,
‘জামায়াত একটি আদর্শভিত্তিক দল—এখানে দুর্নীতি, চাঁদাবাজি বা মাদক নেই। ন্যায়–সততার রাজনীতি করি বলেই এই দলকে বেছে নিয়েছি। ২০০৫ সাল থেকে এটি করে আসছি, হঠাৎ নয়।’
আগের সরকারের আমলে কোণঠাসা থাকার অভিযোগ তুলে তিনি আরও বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের দাপটে থাকা এলাকায় জামায়াতের রাজনীতি করায় বিভিন্ন চাপের মুখে থাকতে হয়েছে।
গত এক বছরে মিয়া গোলাম পরওয়ারের ডুমুরিয়া ও ফুলতলায় অনুষ্ঠিত বেশ কয়েকটি সমাবেশে তার সরব উপস্থিতি এবং নেতৃত্ব দলের উচ্চপর্যায়ে নজর কাড়ে। এসব সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী–পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি তার গ্রহণযোগ্যতা নিয়ে দলীয় মহলে ইতিবাচক বার্তা দিয়েছে।
খুলনা-১ আসনে তার মনোনয়নকে দলীয় পর্যায়ে ‘ব্যতিক্রমী ও কৌশলগত সিদ্ধান্ত’ হিসেবে দেখা হচ্ছে।




