মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুর বিজ্ঞ আদালত থেকে জামিন লাভের দুই দিন পর মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে ওবায়দুর রহমান বেলাল চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিদর্শন করেন। পরে তিনি কোয়ালিকান্দি এলাকার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দলীয় কার্যালয় পরিদর্শন ও কবর জিয়ারতের সময় তোলা কয়েকটি ছবি আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। অল্প সময়ের মধ্যেই ছবিগুলো এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে তেঘরিয়া বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয়। পরে তেঘরিয়া হাইস্কুল মাঠে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সাবেক সভাপতি সুজন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে মাঠে নেমে সংগঠিত হওয়ার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।” তারা আরও বলেন, এলাকায় কোনো ধরনের নাশকতা বা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
বক্তারা বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা দাবি করেন, চরপাকেরদহ ইউনিয়নে কোনো ধরনের “অস্থিতিশীল রাজনৈতিক কর্মকাণ্ড” বরদাশত করা হবে না।




