স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দলটি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পরবর্তী আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে।
শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিপুলসংখ্যক ভোটার অংশগ্রহণ করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে দলটি। তবে ফলাফল প্রস্তুত ও ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জামায়াত জানায়, অনেক স্থানে তাদের প্রার্থীরা অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন, যা নিয়ে সংশয় রয়েছে।
দলটির দাবি, বিভিন্ন কেন্দ্রে ফলাফলে অসঙ্গতি ও গরমিলের অভিযোগ পাওয়া গেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।
ফেসবুক বার্তায় আরও বলা হয়, জোটের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানানো হচ্ছে। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় দলটি।
ধৈর্য ধরার আহ্বান জামায়াতের, ১১ দলীয় জোটের পরবর্তী কর্মসূচির জন্য অপেক্ষার অনুরোধ
Oplus_131072




