Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:16 pm
অন্যান্য

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণমিছিল

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণমিছিল

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের উদ্যোগে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় জামালপুর শহরের পিটিআই মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জামালপুর শহর শাখার আমীর আল ইমরান সুজন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, “জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের রক্তের বিনিময়ে আজকের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে। সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো এখন সময়ের দাবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী মজিবুর রহমান। তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সংঘটিত হয়েছিল। কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার টালবাহানা করছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করলে তার দায় সরকারকেই বহন করতে হবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মোহাম্মদ শামীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম, জামালপুর সদর শাখার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা আজহারুল ইসলাম, জামালপুর শহর শাখার সেক্রেটারি নাজমুল ইসলাম মাসুদ, এনসিপি জামালপুর সদর শাখার সমন্বয়ক আরাফাত রহমান শাকিল এবং জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার নেতা আদিব সৌরভ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে হলে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নেরও দাবি জানান। পাশাপাশি তারা বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত হলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও বেগবান করা হবে।
Advertisement