মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন, মতবিনিময় সভা এবং বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি কমাতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় স্থাপিত সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একই অনুষ্ঠানে হাসপাতালের নতুন অপারেশন থিয়েটারও উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
পরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাঝে আয়বর্ধক সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল, আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে টর্চলাইট ও ছাতা এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া অসচ্ছল ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




