Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

ছাত্রসমাজ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না : সাবেক শিবির সভাপতি

ছাত্রসমাজ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না : সাবেক শিবির সভাপতি

মুক্তকাল ডেক্স:
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই ও আগস্টে আমাদের অনেক সহকর্মী জীবন দিয়েছেন এবং অনেককে গুম করা হয়েছে। আয়নাঘরে বন্দি করে নির্যাতন চালানো হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, আমাদের অপরাধ কী ছিল? আমাদের অপরাধ একটাই—আমরা এ সমাজের ছাত্রদের আল্লাহর দ্বীনের পথে আহ্বান জানাই এবং তাদের নৈতিকভাবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, আমরা ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না। বরং যারা ছাত্রদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, তাদের কাছ থেকে ছাত্রদের ফিরিয়ে এনে আল্লাহর গোলামি ও সমাজের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই—এটাই আমাদের লক্ষ্য।
জাহিদুল ইসলাম আরও বলেন, আল্লাহর রাসুলের যুগে ফেরাউনের পর নমরুদের আগমন ঘটেছিল, এরপর এসেছিল হামান ও কারুন। তাদের চরিত্র ও কাজের ধরন ছিল একই। সাম্প্রতিক সময়েও আমাদের দেশে একজন ফ্যাসিস্ট শাসকের পতনের পর আরেকজন ফ্যাসিবাদী আচরণ দৃশ্যমান হচ্ছে। তবে দেশের সচেতন ছাত্রসমাজ বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না।
শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে কাশিনগর ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনি ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাশিনগর উত্তর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাসিম মিয়াজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলা উদ্দিন আবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুর রহমান সৈকত, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে কাশিনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামের ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারিসহ বিপুলসংখ্যক সাধারণ ছাত্র উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাশিনগর বাজার এলাকায় মিছিল করেন নেতাকর্মীরা।

Advertisement
Advertisement