Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

হাদি হত্যার বিচার দাবি করে স্ত্রীর ফেসবুক পোস্ট, ইনকিলাব মঞ্চের নীরবতা নিয়ে প্রশ্ন

হাদি হত্যার বিচার দাবি করে স্ত্রীর ফেসবুক পোস্ট, ইনকিলাব মঞ্চের নীরবতা নিয়ে প্রশ্ন

Oplus_131072

মুক্তকাল ডেস্ক:
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন—হাদি হত্যার পরও কেন ইনকিলাব মঞ্চ কোনো কর্মসূচির ডাক দিচ্ছে না।
বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে দেওয়া দীর্ঘ ফেসবুক পোস্টে রাবেয়া ইসলাম সম্পা বলেন, “ওসমান হাদি হত্যার বিচার কি আদৌ হবে—এই প্রশ্ন মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, যেকোনো মূল্যে।” তবে বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে তিনি হতাশাও প্রকাশ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, হাদি নিজেই বলতেন—লড়াই দীর্ঘ, আর মুমিনের জীবন মানেই সংগ্রাম। সেই আদর্শ ধারণ করেই ন্যায়বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
রাবেয়া ইসলাম সম্পা তার পোস্টে ইনকিলাব মঞ্চ নিয়ে হাদির কিছু ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন। হাদির উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, “আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। ইনকিলাব মঞ্চের ভাই-বোনেরা নিঃস্বার্থভাবে আমার সঙ্গে থেকেছে। তাদের ভবিষ্যতের দায়ভার আমার।”
তিনি আরও বলেন, যারা ওসমান হাদিকে ভালোবাসেন ও তার জন্য দোয়া করেন, তাদের উচিত ইনকিলাব মঞ্চের কর্মীদের বর্তমান মানসিক অবস্থার কথাও ভাবা। কারণ, হাদি তাদের কাছে শুধু একজন নেতা নন—ছিলেন অভিভাবক ও আশ্রয়।
পোস্টের শেষাংশে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, হাদি বেঁচে থাকলে হয়তো বলতেন—তাকে নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তার সংগঠনের ভাই-বোনদের নিয়ে নয়। তিনি হাদির একটি উক্তি স্মরণ করিয়ে দেন—“দাসত্বই যদি জমিনের নিশ্চল নিয়তি হয়, তবে লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।”
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি (৩২) গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর জাতীয় কবির সমাধিপাশে তাকে দাফন করা হয়। হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

Advertisement
Advertisement