মুক্তকাল ডেক্স
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের সংসদের বাইরে পাঠানো হবে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগে দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে দেশ একদিন না একদিন এগোবেই। এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধের নির্বাচন, চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। তিনি বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ দেখতে চান? দেশের ছেলে-মেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া করে ভালো চাকরি পায়—এটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। এতে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।
তিনি বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের মাঠে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। হাসনাত বলেন, আমাদের কোনো গুন্ডা-পান্ডা নেই। আমাদের পক্ষ থেকে কেউ ফোন দিয়ে ভয়ভীতি দেখাবে না। কর্মসূচিতে না এলে কাউকে জোর করে বাড়ি থেকে তুলে আনার সংস্কৃতি আমরা অনুসরণ করব না।
তিনি আরও বলেন, আমরা ভালোবাসা নিয়ে মানুষের কাছে আসি। প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইব। চুরি, দুর্নীতি বা রাষ্ট্রের সম্পদ লুট করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক বেশি সম্মানের। সাধারণ মানুষ আমাদের সততা দেখে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন—কেউ অর্থ দিচ্ছেন, কেউ খাবার, দুধ বা সবজি দিয়ে সহায়তা করছেন।
হাসনাত বলেন, আমরা আমাদের সক্ষমতা গোপন করছি না। যতটুকু পারব, ততটুকুই বলছি। আপনারা যদি মনে করেন, এই মানুষটিকে দিয়ে কিছু করা সম্ভব, তাহলে আমাদের পাশে দাঁড়ান।
পদযাত্রায় জামায়াতে ইসলামী ও এনসিপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
এবারের নির্বাচন ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত
Oplus_131072




