মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ (জামালপুর)
দেওয়ানগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর অধিকার আদায় ও পুনর্বাসনের দাবিতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলার হিজড়া মানব কল্যাণ সংস্থা-এর সভাপতি মুন্নি আক্তার দীর্ঘদিন ধরে এলাকার হিজড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সংগঠনটির মূল লক্ষ্য হিজড়াদের ভিক্ষাবৃত্তি ও মানবেতর জীবন থেকে মুক্ত করে সম্মানজনক জীবনের নিশ্চয়তা প্রদান করা।
এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে গত ০৩ ফেব্রুয়ারি মুন্নি আক্তার ডাকযোগে মাননীয় প্রধান উপদেষ্টাসহ সরকারের ৬টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনে স্মারকলিপি প্রেরণ করেন।
স্মারকলিপিতে দেওয়ানগঞ্জ উপজেলার হিজড়া জনগোষ্ঠীর জন্য স্থায়ী আবাসন, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান এবং ভিক্ষাবৃত্তি চিরতরে বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুন্নি আক্তার বলেন,
“২০২৪ সালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীক নিয়ে ৫ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৮৪ হাজার ৩৬১ ভোটের মধ্যে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে আমি নির্বাচিত হই। তবে অভ্যুত্থান পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে অপসারণ করে রাখা হয়েছে। ফলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন,
“উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদগুলো পুনর্বহাল করা হলে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এ বিষয়ে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”
হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ এবং স্মারকলিপি প্রদান
Oplus_131072




