Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
অন্যান্য

তৃণমূলের রাজনীতি থেকে নেতৃত্বে, ঠাকুরগাঁও বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন

তৃণমূলের রাজনীতি থেকে নেতৃত্বে, ঠাকুরগাঁও বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন

স্টাফ রিপোর্টারঃ

পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে গভীর সম্পর্ক থাকলেও দীর্ঘদিনের তৃণমূলের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছেন মির্জা ফয়সল আমীন। ব্যাংকের চাকরি ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে যুক্ত হওয়া থেকে শুরু করে পৌর মেয়র, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতি চার দশকের বেশি সময়ের রাজনৈতিক পথচলায় ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

Advertisement

মির্জা ফয়সল আমীন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি। পাশাপাশি তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

মির্জা ফয়সল আমীন রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা মরহুম মির্জা রুহুল আমিন ছিলেন শিক্ষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি ভূমি ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তাঁর চাচা মরহুম মির্জা গোলাম হাফিজ জাতীয় সংসদের স্পিকার এবং আইন ও ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর তাঁর জ্যেষ্ঠ ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন মির্জা ফয়সল আমীন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে আইএফআইসি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৭৯ সালে তাঁর বাবা মির্জা রুহুল আমীনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। পরে স্থানীয় বিএনপির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে থাকেন।

১৯৯১ সালে ব্যাংকের চাকরি ছেড়ে ঠাকুরগাঁওয়ে ফিরে পূর্ণকালীন রাজনীতিতে যুক্ত হন মির্জা ফয়সল আমীন। এরপর দীর্ঘ সময় ধরে বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

২০১৫ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

এরপর ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন মির্জা ফয়সল আমীন। প্রায় আট বছর এ দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন উদ্যোগে তাঁর সম্পৃক্ততার কথা স্থানীয়ভাবে জানা যায়। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তায় পাহারার ব্যবস্থা এবং পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রে জানা যায়।

চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছেন মির্জা ফয়সল আমীন। বর্তমানে জেলা বিএনপির সভাপতি হিসেবে দলীয় সংগঠনকে পরিচালনা ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করাই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান দায়িত্ব।

Advertisement