স্টাফ রিপোর্টার,
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটারদের উদ্দেশে চিন্তা-ভাবনা করে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এলাকার উন্নয়ন, ছেলে-মেয়েদের কর্মসংস্থান এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তার প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে ভাবতে হবে।
মির্জা ফখরুল বলেন, “খালি হাতে কোথাও যাওয়া যায় না। আমিও আপনাদের কাছে খালি হাতে ভোট চাইতে আসিনি। নির্বাচিত হলে কী কী কাজ করব, সে বিষয়ে কিছু প্রস্তাব আপনাদের সামনে তুলে ধরতে এসেছি।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে মা-বোনেরা চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে কিনতে পারবেন। পাশাপাশি অসুস্থ হলে হাসপাতালের চিকিৎসা এবং স্কুলে ভর্তির ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন।
কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’-এর কথাও উল্লেখ করেন তিনি। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ ও সেচ সুবিধা ন্যায্যমূল্যে পাবেন। একই সঙ্গে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া নারীদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের দায়ভার সরকার নেবে বলেও জানান।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
চিন্তা করে ভোট দেয়ার আহ্বান মির্জা ফখরুলের
Oplus_131072




