সাজ্জাদ হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার:
৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুরের ইসলামপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. লতিফ মিয়া। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুমন মন্ডল ও সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের অপেক্ষায় রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হবে। অবিলম্বে দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যমুনা অভিমুখে বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে সারাদেশে একযোগে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।




