মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর বালিকা দাখিল মাদরাসায় সরকারের নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০টায় পাঠদান শুরু হয়ে বিকেল ৪টায় ছুটি হওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে, প্রায় দুই ঘণ্টা আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ওই শিক্ষা প্রতিষ্ঠানে বেশির ভাগ দিনই দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। শিক্ষার্থীরা চলে যাওয়ার পর পিয়ন প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাজিলপুর বালিকা দাখিল মাদরাসার প্রধান শিক্ষকসহ কোনো শিক্ষক বা শিক্ষার্থী উপস্থিত নেই। মাদরাসার সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ অবস্থায় ছিল।
গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে মাদরাসার অফিস সহকারী (পিয়ন) শাহিনুর রহমান সেখানে আসেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুপারসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় মাদরাসার সুপার জয়নাল আবেদীনের মোবাইল নম্বর চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে ভিন্ন মাধ্যমে সুপার জয়নাল আবেদীনের মোবাইল নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতিতে তিনি আগামীকালসহ দুই দিনের ছুটিতে রয়েছেন। ছুটির কারণে প্রতিষ্ঠানের সকল দায়িত্ব সহকারী সুপারের কাছে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। সহকারী সুপারের মোবাইল নম্বর চাইলে পাঁচ মিনিট পর দেওয়ার কথা বললেও পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ছানোয়ার হোসেন বলেন, নির্ধারিত সময়ের আগেই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারগঞ্জে নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে প্রতিষ্ঠান বন্ধের অভিযোগ
Oplus_131072




