Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Oplus_131072

আতিকুর রহমান আতিক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

ঢাকা-১০ আসনে ইতোমধ্যে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মনোনয়ন দিয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। গত ৪ ডিসেম্বর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন। একই আসনে জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে এডভোকেট মো. জসীম উদ্দীন সরকারকে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসনটি ফাঁকা রেখেছে।

Advertisement

ভিডিওবার্তায় স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। এটি বিভাজনের রাজনীতি নয়; বরং প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লড়াই।”

তিনি আরও বলেন, “মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ আমাকে অনুপ্রাণিত করে। তাদের প্রেরণায় আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।”

আসিফ মাহমুদ জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামারগীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে তিনি কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে মাঠপর্যায়ে অসংখ্য কর্মীর নিবেদিত সমর্থনই তার শক্তি বলে মন্তব্য করেন তিনি।

Advertisement