সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ,জামালপুর:
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়া সোমবার দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পরিবার ও দলীয় নেতাকর্মীরা।
জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি লিখেছেন, দুপুরের পর থেকে লিটন মিয়ার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নেতাকর্মীরাও উদ্বিগ্ন হয়ে তার সন্ধানে মাঠে নেমেছেন।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একজন প্রার্থীর নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি এখনো জানায়নি।




