মুক্তকাল ডেক্স
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরি ঠেকিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চার শিক্ষার্থীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে রমনা পার্কসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন—সৌরভ হাসান, মিফতাহুল শাহরিয়ার নিয়াজ, দিয়ান পারভেজ ও মাহি ইসলাম। তারা সবাই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, উদ্যানের ভেতর দিয়ে হাঁটার সময় কয়েকজন যুবক তাদের থামিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানতে চায় এবং একপর্যায়ে বসতে বাধ্য করে। পরে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মারধর করা হয়। এ সময় মিফতাহুল শাহরিয়ার নিয়াজকে ছুরি দিয়ে আঘাত করা হলে তিনি আহত হন। অন্য তিনজনকে গাছের ডাল দিয়ে আঘাত করা হয়।
শিক্ষার্থীরা জানান, ছিনতাইকারীরা তাদের মানিব্যাগ ও মোবাইল ফোন তল্লাশি করে এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক টাকা ক্যাশআউট করায়। মোট ৩০ হাজার টাকা ছিনতাই করা হয়। পাশাপাশি মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে পুলিশে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
ঘটনার সূত্র ধরে একটি নগদ এজেন্ট দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমার দেশ। ফুটেজে দেখা যায়, রাত ৮টা ৬ মিনিটে অভিযুক্ত হিসেবে চিহ্নিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ ফয়সাল দোকানে গিয়ে ১৫ হাজার টাকা ক্যাশআউট করেন।
অভিযুক্ত আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনের ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সঙ্গে যুক্ত ছিলেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আরিফ ফয়সাল টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য তিনি তখন জানতেন না। পরে বিষয়টি ‘সমাধান’ হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বিষয়টি তিনি জানতেন না। তার ভাষ্য, “দোষী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ছিনতাই, সম্পৃক্ততার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে




