সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আরিফ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার কড়ইচূড়া ইউনিয়ন এর বিনোদটঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ওই এলাকার কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল আরিফ। একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
স্বজনরা দ্রুত আরিফকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্নেহাশীষ রায় জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




