Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

মির্জা আব্বাসের অনুসারীদের হামলার অভিযোগ, দেশবাসীর কাছে বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মির্জা আব্বাসের অনুসারীদের হামলার অভিযোগ, দেশবাসীর কাছে বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মুক্তকাল ডেক্স:
ঢাকা: ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারীরা তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমি পুরো বাংলাদেশের কাছে এ ঘটনার বিচার দিলাম।”
মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ কলেজে হামলার শিকার হওয়ার পর ফকিরাপুলে নিজের নির্বাচনি অফিসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমি যখন বলেছি—আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসের টাকাও নেই—তারপরই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।” এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন—এ সিদ্ধান্ত এখন তারেক রহমানকেই নিতে হবে।”
তিনি আরও দাবি করেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই তিনি সেখানে প্রশ্নফাঁস, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গভর্নিং বোর্ডের নানা অনিয়মের অভিযোগ শুনেছিলেন। তার ভাষ্যমতে, কলেজটির অধ্যক্ষ আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠনে মির্জা আব্বাসের ভূমিকা রয়েছে।
সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অতীতের এক ব্যক্তিগত সাক্ষাতের কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “খালেদা জিয়া আমাদের দোয়া করেছিলেন এবং দেশ সঠিক পথে রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ তিনি সুস্থ থাকলে এসব কর্মকাণ্ড দেখে নিশ্চয়ই লজ্জিত হতেন।”
হামলার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন ব্যক্তি এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন, যাদের অনেকেরই বর্তমানে ছাত্রত্ব নেই। তিনি অভিযোগ করেন, পুরো ঘটনার নেপথ্যে রয়েছেন মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি।
নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন তুলে তিনি বলেন, “যদি নিরাপত্তা নিশ্চিত না হয় এবং নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে আমরা মাঠে থাকবো কেন—এ বিষয়ে নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে।”
শেষে তিনি বলেন, “ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না—এটাই আমার অঙ্গীকার।” আগামী ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement