বকশীগঞ্জ প্রতিনিধি:
শরীয়তপুর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ও নার্সের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট ডা. আশরাফুল ইসলাম তুহিন, মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ, ডা. মোহাম্মদ তামিম, ডা. মাহমুদা মিলি, ডা. ফাতেমা তুজ জোহরা, ডা. ফাইজা রোশনী, ডা. আলকাস তাহমিদসহ হাসপাতালের নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে রোগীদের সেবা দিয়ে থাকেন। কোনো চিকিৎসকই ইচ্ছাকৃতভাবে রোগীর ক্ষতি করতে চান না। এরপরও বিভিন্ন সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তারা কর্মস্থলে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শরীয়তপুরে ডা. নাসির ইসলাম ও এক নার্সের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলামের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মরত চিকিৎসকরা।
চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান




