আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের যমুনা সভাকক্ষে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং এনজিও প্রতিনিধি জাহিদ হাসানসহ অন্যান্যরা।
কর্মশালাটি পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের মাদারগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাইদুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী এবং গ্রাম আদালতের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।




