মো. আবুসাঈদ (গালিব)
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকায় নিখোঁজের তিন দিন পর অটোচালক সাগর হোসেন আপেলের লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি রিপনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিহতের লাশ উদ্ধারের পর সোমবার (২৬ জানুয়ারি) রাতে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহতের বড় ভাই আফিজল হক। মামলায় প্রতিবেশী আবদুল্লাহর ছেলে রিপনকে প্রধান আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মদনের চর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে নিহতের ভাই আফরোজ আলী, স্ত্রী শিখা, বোন নীরালা ও সালমা, ভগ্নী রোকসানা সহ স্বজনরা অভিযোগ করে বলেন, সাগর হোসেন আপেল পেশায় একজন অটোচালক ছিলেন। চলতি মাসের ২২ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিবেশী রিপন অটো রিকশা ভাড়ার কথা বলে আপেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
পরদিন শুক্রবার রিপনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির পর থেকেই রিপন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে অভিযোগ করেন স্বজনরা। পরে রোববার (২৫ জানুয়ারি) আপেলের বাড়ির পাশের একটি আখ ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা বাসেদ, মো. সামিউল, রাশেদসহ অন্যান্যরা বলেন, রিপনই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—এ বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে খুনি রিপনকে গ্রেপ্তার করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
দেওয়ানগঞ্জে আপেল হত্যার আসামি রিপনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
Oplus_131072




