সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়ায় প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠিত আঞ্জুমনোয়ারা ফারুক অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় নামে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান দখল করে সেখানে বেসরকারি স্কুল চালুর অভিযোগ উঠেছে। এতে করে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা, চরম অনিশ্চয়তায় পড়েছেন অভিভাবকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট এলাকার একটি প্রতিবন্ধী বিদ্যালয় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী আনোয়ার হোসেন সুজন অবৈধভাবে দখলে নিয়ে সেখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য ব্রাইট ল্যাব পাবলিক স্কুল নামে একটি বেসরকারি স্কুল পরিচালনা করছে। বিদ্যালয়ের ভবন, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ ব্যবহার করা হলেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, “এই স্কুলটি আমাদের সন্তানদের একমাত্র ভরসা ছিল। দখলের পর থেকে তারা পড়াশোনা থেকে পুরোপুরি বঞ্চিত। আমরা বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।”
এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক এক শিক্ষক বলেন, “প্রতিবন্ধী শিশুদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা বন্ধ হয়ে গেছে। এটি শুধু দখল নয়, একটি মানবিক অপরাধ।”
অভিযোগের বিষয়ে দখলকারী আনোয়ার হোসেন সুজন বলেন,সরকারের পরিবর্তনের পর কর্তৃপক্ষ পালিয়ে যায়। এখন ভাড়া নেওয়া হয়েছে। চুক্তিপত্র রয়েছে। চুক্তিপত্র দেখতে চাইলে দেখাতে বর্থ্য হন।
এ বিষয়ে স্থানীয় উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান বলেন,এমন ঘটনার খবর শুনেছি।খোঁজ নিয়ে দেখতে হবে প্রতিষ্ঠানের অবকাঠামো প্রতিবন্ধী স্কুলের নামে কিনা।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন,বিষয়টি আগে জানা ছিলো না।মাত্রই শুনলাম।প্রতিবন্ধী স্কুলে কিভাবে কিন্ডারগার্টেন স্কুল চালাচ্ছে তলব করে জানতে চাওয়া হবে।
এলাকাবাসী দ্রুত প্রতিবন্ধী স্কুলটি দখলমুক্ত করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।




