হৃদয় আহমেদ শাওন,স্টাফ রিপোর্টার:
দাড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গিয়ে বিভিন্ন স্থানে মায়েদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার দুপুরে জামালপুর শহরের সিংহজানী স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন।
জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, “কিছু কিছু জায়গায় আমাদের মায়েরা ভোট চাইতে গেলে দূর্বৃত্তরা তাদের অপমান করছে। আমি জানতে চাই—মায়েদের কি ভোট চাওয়ার অধিকার নেই? এটা কি তাদের দায়িত্ব নয়? যারা মায়ের গায়ে হাত তোলে, তারা কোন প্রজাতির মানুষ? আমি বুঝতে পারি না।”
তিনি আরও বলেন, “এই কদিন ধরে এ ধরনের উৎপাত শুরু হয়েছে। আমরা চাই, সবাই যার যার কর্মসূচি, পরিকল্পনা ও বক্তব্য নিয়ে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যাক। কিন্তু মায়েদের অপমান আমরা কোনোভাবেই সহ্য করবো না।”
ভোট চাইতে গিয়ে কেউ কটু কথা বললে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি কোনো দূর্বৃত্ত আপনাদের কটু কথা বলে, চোখে চোখ রেখে বলবেন—আমি একজন মা, আমি তোমাদের পরোয়া করি না, আমি পরোয়া করি আল্লাহকে।”
গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কিছু রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে চায় না। “আমরা ১৮ কোটি মানুষের সামনে প্রকাশ্যে বলছি—সংস্কারে হ্যাঁ ভোট, গণভোটে হ্যাঁ ভোট। অথচ কিছু দল লুকিয়ে লুকিয়ে কথা বলছে। আমরা বিনয়ের সঙ্গে তাদের বলছি—হ্যাঁ না না, স্পষ্ট করে জনগণের সামনে বলুন।”
তিনি এবারের নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, “এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এটি ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা নির্বাচন, আন্দোলনে পঙ্গুত্ববরণ করা ৩৪ হাজার আহতের ত্যাগের নির্বাচন এবং শহীদ পরিবারের হাহাকারের নির্বাচন।”
যুব সমাজের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের দলের ৬২ শতাংশই যুবক। আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা চাই কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানের জীবন নিশ্চিত করতে।”
সবশেষে তিনি জামালপুর জেলার পাঁচটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন।
জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়ালের সঞ্চালনায় এবং সদর-৫ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
দাড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে মায়েরা অপমানের শিকার হচ্ছেন—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
Oplus_131072




