Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি খুলনা-চিটাগং

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি খুলনা-চিটাগং

চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার লড়াইয়ে তাদের বিপক্ষে কোন দল মাঠে নামবে, তাননির্ধারণের জন্য আজ মাঠে নামছে খুলনা টাইগার্স-চিটাগং কিংস।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারের এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

Advertisement

মাঠে নামার আগে দুটি দলই নিজেদের মতো করে পরিকল্পনা করেছে প্রতিপক্ষকে আটকাতে।

এবারের বিপিএলে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। দুর্বার রাজশাহীর পাশাপাশি সেই সমালোচনায় নাম ছিল চিটাগংয়েরও। তবে দলটি মাঠের লড়াইয়ে পিছিয়ে ছিল না। টেবিলের দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কিংস বাহিনী। কিন্তু সেই ম্যাচে বরিশালের বিপক্ষে সুবিধা করতে পারেনি। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আরো একটি সুযোগ এসেছে।

প্রতিপক্ষ দল খুলনাও পিছিয়ে নেই। গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই মেহেদী হাসান মিরাজের দল নকআউট ম্যাচ হিসেবে খেলে আসছে। তাদের সমীকরণটাই ছিল তেমন, কোনো ম্যাচে হারলেই বাদ পড়তে হবে। আজই তেমনই সমীকরণ, জিতলে ফাইনাল নিশ্চিত হবে আর হারলে বাদ পড়তে হবে।

মাঠে নামার আগে চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘আলাদা করে কোনো পরিকল্পনা করছি না। দলের যে শক্তির জায়গা রয়েছে, সেটি ধরেই এগিয়ে যেতে চাই। আর প্রতি দলেরই আলাদা আলাদা কৌশল রয়েছে, আমাদেরও এমন কৌশল রয়েছে। সেগুলো নিয়েই এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, খুলনার বিপক্ষে আমরা দুটি ম্যাচ খেলে এসেছি, তাদের শক্তি সম্পর্কেও আমাদের ধারণা রয়েছে। নতুন কিছু খেলোয়াড় এসেছে, সেটি নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের। এই স্বাভাবিক বিষয়গুলো ধরেই এগিয়ে যাব।

এদিকে টালমাটাল পরিস্থিতিতেও শান্তভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে চিটাগং। দলটির দেশি খেলোয়াড়দের ওপর বেশি ভরসা রাখছেন মিঠুন। বিশেষ করে শামীম পাটোয়ারিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। মিঠুন বলেন, ‘বাংলাদেশিদের মধ্যে শামীম আলাদা। সাধারণত বাংলাদেশিরা যেভাবে ব্যাটিং করে, সেটি থেকে শামীমের ব্যাটিং ব্যতিক্রম। টি-টোয়েন্টি ক্রিকেটে এই ধরনের শট দেখতে মজা লাগে। আমি নিজেই শামীমের একজন বড় ভক্ত। সে ফিল্ডিংয়েও অসাধারণ। আশা করব সে এভাবেই জ্বলে উঠবে।’

খুলনাও দেশি ক্রিকেটারদের নিয়ে মূল পরিকল্পনা সাজিয়েছে। গতকাল খুলনার ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক সজিব বলেছেন, ‘যারা আসর জুড়ে পারফরম করে এসেছে, তাদের ওপরই ভরসা রাখা হচ্ছে। আর বিদেশিরা থাকবে বোনাস হিসেবে। মূল কাজটি করতে হবে স্থানীয় ক্রিকেটারদের, বিদেশিরা সেখানে এগিয়ে এলে কাজটি সহজ হবে।’ এদিকে খুলনা আগে থেকেই নকআউট ম্যাচের মধ্যে আছে বলে মিরাজদের ব্যাটিং কোচও মনে করিয়ে দিয়েছেন। যে প্রক্রিয়ায় তারা এগিয়ে চলেছেন, তারই ধারাবাহিকতা আজকের ম্যাচে দেখাতে চায় খুলনা।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.