Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের

মুক্তকাল ডেক্স:
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশার কথা জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে ভারতে অবস্থানরত এই নেতা মনে করছেন, আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ।
সূত্রের বরাতে জানা গেছে, কলকাতার নিউ টাউনে অবস্থানরত ওবায়দুল কাদের বাংলাদেশে ফিরতে আগ্রহী হলেও ফেরার কোনো বাস্তব পথ দেখতে পাচ্ছেন না। তার মতে, ভারত বা যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর ওপর নির্ভর করেও আওয়ামী লীগ এখন আর গুরুত্ব পাচ্ছে না। ইউরোপ-আমেরিকা বর্তমানে বৃহত্তর বৈশ্বিক ইস্যু নিয়ে ব্যস্ত, সেখানে আওয়ামী লীগের বিষয়টি তাদের কাছে তেমন গুরুত্ব বহন করছে না।
ওবায়দুল কাদেরের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার একক নেতৃত্বেই মূলত দলটি পরিচালিত হতো, আর দলের অন্য নেতারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন। এর ফলেই আজ আওয়ামী লীগ এমন সংকটে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
গত ২৩ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সরাসরি উপস্থিতি বা অন্তত একটি ভিডিও বার্তার আশায় ছিলেন দলের কর্মী-সমর্থকরা। তবে প্রত্যাশার পরিবর্তে একটি সংক্ষিপ্ত অডিও বার্তা আসে, যেখানে রাজনৈতিক দিকনির্দেশনার চেয়ে ব্যক্তিগত ক্ষোভই বেশি প্রকাশ পায় বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে অনেক নির্বাসিত আওয়ামী লীগ নেতা ভারত ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার কথা ভাবছেন। তাদের ধারণা, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রভাব এখন তলানিতে এবং ভবিষ্যতে তা পুনরুদ্ধারের সম্ভাবনাও অনিশ্চিত।
ওবায়দুল কাদের নিজেও মনে করছেন, আওয়ামী লীগের এই সংকট থেকে কবে মুক্তি মিলবে—তা অনিশ্চিত।

Advertisement
Advertisement