মুক্তকাল ডেক্স:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও দখলদারিতে জড়িতদের হাতেও সম্মানজনক কাজ তুলে দিতে চান তারা। তিনি বলেন, “আমরা বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না। বরং প্রত্যেক সক্ষম নারী-পুরুষের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই।”
সোমবার দুপুর পৌনে ১২টায় কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদাবাজ ও দখলবাজদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, “যদি সংসারের অভাব-অনটনের কারণে কেউ এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে থাকেন, তাহলে সেখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেও আমরা প্রস্তুত। কিন্তু মানুষকে কষ্ট দেবেন না, চাঁদাবাজি করবেন না।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, কুষ্টিয়া জেলায় প্রায় ৬০টি অটো রাইস মিল ও চালকল রয়েছে, যেখান থেকে প্রতিদিন চাল বোঝাই ট্রাক দেশের বিভিন্ন স্থানে যায়। এসব ট্রাক থেকে প্রতি ট্রাকে প্রায় ৫ হাজার টাকা করে অবৈধভাবে আদায় করা হচ্ছে, যাকে তিনি ‘বেসরকারি খাজনা’ হিসেবে উল্লেখ করেন। এতে ট্রাক মালিক, ব্যবসায়ী ও চালকল মালিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “আমরা সবাইকে এসব অবৈধ কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। আল্লাহর ওপর ভরসা করে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে বিশেষ করে যুবক-যুবতীরা তাদের শক্তি দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।”
এর আগে সকাল ১০টায় জনসভার কার্যক্রম শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের ১১ দলীয় প্রার্থী আব্দুল গফুর।
জনসভায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল ইসলাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন দলের নেতারা।
জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দারের সঞ্চালনায় আয়োজিত এই জনসভায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
চাঁদাবাজদের হাতেও কাজ তুলে দিতে চাই—জামায়াত আমির




