Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

মুক্তকাল ডেক্স:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক প্রত্যাশা নিয়ে তাকে নির্বাচিত করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তাব তিনি প্রশাসনের কাছে দিয়েছেন। তবে সেন্ট্রাল ফিল্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে।
তিনি আরও উল্লেখ করেন, নারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন—বহিরাগতদের কারণে তারা মাঠে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারেন না এবং নানা ধরনের হয়রানির শিকার হন। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের প্রস্তাব দিলেও প্রশাসনিক জটিলতায় তা বাস্তবায়ন হয়নি, ফলে দেয়াল টপকে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না।
সম্প্রতি কিশোরদের কান ধরে ওঠবস করানোর বিষয়ে সর্বমিত্র চাকমা বলেন, ওই সময় চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। তার পন্থা ভুল হতে পারে স্বীকার করলেও তিনি মনে করেন, প্রশাসনের স্থবিরতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিতে হয়েছে। তার সব চিন্তা ও উদ্যোগই ছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে কেন্দ্র করে।
তিনি লেখেন, দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো আইনের সীমা অতিক্রম করতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা তার আর নেই বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কোনো অভিমান বা প্ররোচনায় নয়, সম্পূর্ণ নিজের সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করছেন বলে জানান।
উল্লেখ্য, সম্প্রতি সেন্ট্রাল ফিল্ডে খেলতে আসা কয়েকজন কিশোরকে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হাতে লাঠি নিয়ে তাদের দিকে এগিয়ে যেতে দেখা যায় সর্বমিত্র চাকমাকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও আলোচনা শুরু হয়।

Advertisement
Advertisement