Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

তাজুল ইসলামের সঙ্গে জুলাই ঐক্য পরিষদের মতবিনিময় সভা

তাজুল ইসলামের সঙ্গে জুলাই ঐক্য পরিষদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলা জুলাই ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বুধবার (২৭ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম–এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ খলিলুর রহমান লিটন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলহাজ মো. ফজলুর রহমান, জামালপুর মিল্লাতিয়ান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক আবিদুর রহমান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান বাবু এবং সদস্য মাহমুদুল হাসান। এছাড়াও ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ তাদের নিজ নিজ দলের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন। তারা বলেন,
“যে যার আদর্শ অনুযায়ী রাজনীতি করবে, তবে জুলাই-আগস্টের আন্দোলনে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বক্তারা আরও বলেন, জুলাই পরবর্তী সময়েও পলাতক স্বৈরাচারী শক্তি নানা কৌশলে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। কিছু রাজনৈতিক দলের মধ্যেও পুরোনো স্বৈরাচারী ধারা পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন তারা। এ পরিস্থিতিতে জুলাইয়ের চেতনা ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে জামালপুরে জুলাই ঐক্য পরিষদকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
সভায় মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,
“জুলাই চেতনাকে দৃঢ় ও শক্তিশালী করতে হলে সকল গণতান্ত্রিক ও আন্দোলনমুখী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি, আপ বাংলাদেশসহ জুলাই-আগস্ট আন্দোলনের পক্ষের সব শক্তিকে একটি প্ল্যাটফর্মে আসতে হবে। তাহলেই জুলাইয়ের চেতনাকে ধরে রাখা সম্ভব হবে।”
সভায় আগামী ৩১ মে জুলাই ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও আলোচনা হয়। পরে পারস্পরিক শুভেচ্ছা ও সালাম বিনিময়ের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

Advertisement
Advertisement