মোহাম্মদ গোলাম মোস্তফা,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাইকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে হাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বকশীগঞ্জের সার্বিক উন্নয়ন কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী ফাউন্ডেশনের বকশীগঞ্জ উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক আফসার আলী, উপজেলা সহ-সভাপতি আলহাজ আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছানোজ্জামান পলাশ, বাট্টাজোড় ইউনিয়ন সভাপতি আলহাজ সুরুজ্জামান, সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল ইসলাম, নিলক্ষিয়া ইউনিয়ন সভাপতি আলহাজ ছামিউল হক তোতা, বকশীগঞ্জ পৌরসভা সভাপতি আলহাজ লাবলু মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মুফতি মহিব হাসান, বকশীগঞ্জ সদর ইউনিয়নের কোষাধ্যক্ষ আলহাজ আমিনুল ইসলামসহ হাজী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই বলেন,
“দেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজের ভূমিকা অপরিসীম। যুবকদের সকল ধরনের অন্যায় ও অপকর্ম থেকে দূরে রাখতে সামাজিক নেতৃত্বের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি হাজী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই আপনাদের দায়িত্বও অনেক বেশি। সর্বপ্রকার দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং সমাজের কল্যাণে সকল ভালো কাজে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি প্রশাসন ও সমাজের সম্মানিত ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত বকশীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে উপস্থিত সবাই নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সফল কর্মজীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।




