মুক্তকাল নিউজ:
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। এতে লাখো মানুষ অংশ নেন। জনস্রোত মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে খামারবাড়ি, আসাদগেট ও ফার্মগেট এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে। পরে মরদেহ সংসদ ভবনসংলগ্ন জিয়া উদ্যানে নেওয়া হয়।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক, ড. মিজানুর রহমান আজহারী এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তাঁর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, কফিন কাঁধে তুলে নিলেন ড. মিজানুর রহমান আজহারী
Oplus_131072




