মুক্তকাল ডেক্স:
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন নিয়মিত নেতা স্কট এডওয়ার্ডস। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকার, যা ক্রিকেট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্বকাপ দলে আরও ফিরেছেন কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মারউই, বাস ডি লিডে, টিম ফন ডার গুগটেন, লোগান ফন বিক, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই মূলত এই ক্রিকেটারদের দলে রাখা হয়েছে।
অলরাউন্ডার কলিন অ্যাকারম্যান সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও ঘরোয়া ক্রিকেটে ছিলেন ছন্দে। ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে করেন ৩০৪ রান। নেদারল্যান্ডসের হয়ে টি-টোয়েন্টিতে তার রান ৫১৫, উইকেট ১১টি।
অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে উইকেটকিপার হিসেবে দলে আছেন নোয়া ক্রোস ও কাইল ক্লেইন। যদিও বিশ্বকাপে এই দুজনের অভিজ্ঞতা নেই।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে থাকা একাধিক ক্রিকেটার—সেড্রিক ডি ল্যাঙ্গে, সিকান্দার জুলফিকার ও শরিজ আহমেদ—এবারের বিশ্বকাপ দলে জায়গা পাননি।
গ্রুপ ‘এ’-তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ভারত, পাকিস্তান, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। শক্তিশালী এই গ্রুপে নেদারল্যান্ডস কতদূর যেতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), নোয়া ক্রোস (উইকেটকিপার), ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই ও টিম ফন ডার গুগটেন।
সাকিব জুলফিকারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের
Oplus_131072




