মেলান্দহ, জামালপুর:
জামালপুরের মেলান্দহ উপজেলায় সরিষা ক্ষেত পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে দেখা যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে শ্যামপুর ইউনিয়নের একটি মাঠে সরিষা ক্ষেত ঘুরে দেখার সময় ইউএনওর সঙ্গে ছিলেন শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. গোলাম মোস্তফা। ওই পরিদর্শনের ছবি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম। প্রকাশের পরপরই ছবিটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
ছবিতে দেখা যায়, ইউএনও জিন্নাতুল আরা কৃষি পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে মাঠে অবস্থান করছেন এবং তার পাশে দলীয় পরিচয়ধারী নেতা মো. গোলাম মোস্তফা উপস্থিত রয়েছেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা সেখানে ছিলেন।
পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, এলজিডি প্রকৌশলী শুভাশীষ রায়,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইকবাল হোসেনসহ অন্যান্যরা।
সরকারি দায়িত্ব পালনের সময় একজন দলীয় নেতার এমন উপস্থিতি প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম ও কৃষি পরিদর্শনে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের সম্পৃক্ততা থাকলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।




