Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:17 pm
অন্যান্য

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার:
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার প্রচার চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে আইনগত কোনো বাধা নেই এবং আইন বিশেষজ্ঞরাও বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন।
শফিকুল আলম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে মোট চারটি প্রশ্ন থাকবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করতে পারবেন।
প্রেস সচিব আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইইউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরের একটি পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।
তিনি উল্লেখ করেন, অতীতের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইইউ কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। তবে বর্তমানে নির্বাচন ঘিরে একটি ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না।
নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের সংশ্লিষ্টরা নির্বাচনের সময় মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে ঘটেছে। এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয় বলে তিনি স্পষ্ট করেন।
তিনি আরও বলেন, স্পর্শকাতর বিষয়ে মন্তব্য বা বিবৃতি দেওয়ার আগে বিশিষ্ট ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Advertisement
Advertisement