Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

এনসিপিকে ছেড়ে দিয়েও আসন ফিরে পেল জামায়াত

এনসিপিকে ছেড়ে দিয়েও আসন ফিরে পেল জামায়াত

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার:

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫
বান্দরবান–৩০০ আসনের রাজনীতিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটেছে এক ব্যতিক্রমী নাটকীয় ঘটনা। জোটগত সিদ্ধান্তে শরিক দল জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-কে ছেড়ে দেওয়া আসনটি ১২ ঘণ্টার মধ্যেই পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
জানা যায়, নির্বাচনী আলোচনার শুরু থেকেই বান্দরবান–৩০০ আসনে জামায়াত তাদের অবস্থান বিবেচনায় জেলা পরিষদ সদস্য ও জেলার নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা করে। দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীরা মাঠে সক্রিয় প্রচারণাও চালিয়ে আসছিলেন। তবে জোটের অভ্যন্তরীণ আসন ভাগাভাগির সমীকরণে রোববার রাতে হঠাৎ করে আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়ার ঘোষণা আসে।
এই সিদ্ধান্তের পর স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও হতাশা সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে জোটের শীর্ষ পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়। মাঠপর্যায়ের প্রতিবেদন ও জনপ্রিয়তার নিরিখে অ্যাডভোকেট আবুল কালামের অবস্থান শক্তিশালী হওয়ায় পুনর্মূল্যায়নের দাবি ওঠে।
সোমবার সকালে জোটের নীতিনির্ধারকদের বৈঠকের পর দৃশ্যপটে পরিবর্তন আসে। এনসিপিকে অন্যভাবে সমন্বয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অবশেষে দুপুরে জানানো হয়, বান্দরবান–৩০০ আসনটি পুনরায় জামায়াতের কাছেই থাকবে। তবে এই টানাপোড়েনে উভয় দলের প্রার্থীদের মনোনয়ন ফরম প্রস্তুতে কিছুটা জটিলতা তৈরি হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নাটকীয় পরিবর্তনের ফলে আসনটিতে নির্বাচনী প্রতিযোগিতা আরও তীব্র ও জমজমাট হয়ে উঠবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান–৩০০ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট পাঁচজন প্রার্থী ফরম জমা দিয়েছেন। সকালে বিএনপির প্রার্থী ও জেলা কমিটির আহ্বায়ক সাচিং প্রু জেরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, এনসিপির প্রার্থী ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শাহ সুজাউদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (কাদের)-এর সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার রাতে জোটের সিদ্ধান্তে আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হলেও মাত্র ১২ ঘণ্টার নাটকীয় পালাবদলে পুনরায় বান্দরবান–৩০০ আসনের প্রার্থী হিসেবে বহাল থাকলেন জামায়াত মনোনীত অ্যাডভোকেট আবুল কালাম।

Advertisement

Advertisement