মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্রামে গত ২৮ মার্চ শনিবার বিকেলে শিশুটি তার নিজ বাড়িতে দাদির ঘরে এ ঘটনার শিকার হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে শারীরিক অবস্থা ও আলামত সংগ্রহের জন্য ফরেনসিক মেডিক্যাল পরীক্ষার উদ্দেশ্যে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
ঘটনার দিন রাতেই ভিকটিমের পরিবার মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পর অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
কয়েকদিন আত্মগোপনে থাকার পর বুধবার (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলামসহ এসআই মজিবুর রহমান ও এসআই আমিনুর রহমান অংশ নেন। পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া চর শগুনা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ২ এপ্রিল তাকে জামালপুর জেলা আদালতে পাঠানো হবে।”




