স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটের পক্ষে সব ধরনের সরকারি প্রচারণা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার সকালে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার জানাজা ও দাফন শেষ না হওয়া পর্যন্ত গণভোটসংক্রান্ত সকল প্রচার কার্যক্রম স্থগিত থাকবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ‘জুলাই সনদ’ বিষয়ে গণভোট গ্রহণের সিদ্ধান্ত রয়েছে। ভোটের দিন গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সারা দেশে ব্যাপক প্রচার কার্যক্রম চালিয়ে আসছিল। সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ মোট ১৯টি মন্ত্রণালয়ের সমন্বয়ে এ প্রচারণা পরিচালিত হচ্ছিল।
দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাষ্ট্রীয় কর্মসূচি নির্ধারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুপুর ১২টার পর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করবেন।
খালেদা জিয়ার দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত গণভোটের প্রচার বন্ধের নির্দেশ সরকারের
Oplus_131072




