মো. আবুসাঈদ গালিব ||
জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসায় অধ্যক্ষ মো. মোতালেব হোসেন খানকে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অধ্যক্ষ পদ থেকে বিতাড়িত করা হয়। পরে আদালত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তদন্ত দলের পর্যবেক্ষণে তিনি নির্দোষ প্রমাণিত হন। গত ১৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে তাকে তার পদে যোগদান, বেতন-ভাতা প্রদান এবং কর্তব্যকাজে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলে উক্ত নির্দেশনা মেনে আজ ২০ জুন, শনিবার পরিচালনা পর্ষদের মাধ্যমে তাকে অধ্যক্ষ পদে পুনর্বহাল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি তৌফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার, কমিটির সকল সদস্য এবং দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামছুল হুদা রতনসহ দেওয়ানগঞ্জের কর্মরত সাংবাদিক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ পদে পুনর্বহাল হয়ে মো. মোতালেব হোসেন খান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মব তৈরি করে তাকে জোরপূর্বক অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করায়, যার ফলে তিনি তার কর্তব্যকাজে যোগদান করতে পারেননি। এখন তিনি আলহামদুলিল্লাহ আদালত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কাছে ন্যায়বিচার পেয়েছেন এবং আবারও পুনর্বহাল হয়েছেন।
তিনি আরও বলেন, আগামীতে যেন আরও সুন্দরভাবে মাদ্রাসার কল্যাণ, ছাত্রদের পড়ালেখার মানোন্নয়ন এবং মাদ্রাসার ঐতিহ্য বজায় রাখতে পারেন। পরিশেষে তিনি মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।




