মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জমালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ঠান্ডারবন্দ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, ডিবি-২ এর একটি চৌকস অভিযানিক দল বকশীগঞ্জ থানাধীন ঠান্ডারবন্দ গ্রামের আবুল মিয়ার পাটক্ষেত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— মো. সাইদুর (৩০), মো. লাল মিয়া (৩৪), মো. এরশাদ (২৮), মো. রেজাউল করিম (৩৮), মো. মকুল মিয়া (৩৫) এবং আবু তালেব (২৮)। তারা সবাই উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ঠান্ডারবন্দ গ্রামের বাসিন্দা।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, পিপিএম-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




