মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং নয়ানগর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি রোমান আহম্মেদ নিলয়কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মেলান্দহ সরকারি কালেজ শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল নেতা রোমান ।
ভুক্তভোগী ছাত্রদল নেতা রোমান আহমেদ নিলয় জানান, গত অক্টোবর মাসের ১০ তারিখ সন্ধ্যা ৭ টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি তুহিন আহম্মেদ আবির মোবাইল ফোনে ও বিভিন্ন লোক মারফত হত্যার হুমকি দেয়।
তুহিন আহম্মেদ আবির উপজেলার মেঘারবাড়ি এলাকার বাসিন্দা। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার জের ধরেই তাকে লক্ষ্য করে এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমাকে বলা হয়েছে এলাকায় থাকলে মেরে ফেলা হবে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে স্থানীয় ছাত্রদল নেতারা জানান, এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে হত্যার হুমকি দিইনি। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মেলান্দহ থানার উপপরিদর্শক ত্রিদীপ কুমার বীর জানান,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।




