Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:57 pm
অন্যান্য

মেলান্দহে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক সভা

মেলান্দহে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক সভা

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ প্রতিনিধি:

বিজয়ের সুবর্ণ অধ্যায় পার করে স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ আজ অগ্রগতির নতুন উচ্চতায়—তবু অর্জনের সঙ্গে প্রত্যাশা ও সংকটও বিদ্যমান। এ বাস্তবতা তুলে ধরে ‘বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মেলান্দহে। মঙ্গলবার সন্ধ্যায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতা আমাদের সেরা প্রাপ্তি। দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত; শিক্ষা, কৃষি ও প্রযুক্তিতে হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। তবে দুর্নীতিমুক্ত প্রশাসন ও কর্মসংস্থানের বিস্তারের মতো মৌলিক বিষয়ে আরও কাজ বাকি।
এমআরইউ সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মেলান্দহ মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক হামিদুল হক বিএবিএড। তিনি বলেন, বিজয়কে শুধু উদযাপন নয়—মূল্যবোধ ও চেতনায় বাস্তব রূপ দিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মিথ্যাচার ও বিভ্রান্তি রোধে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা জরুরি।
৭১-এর গেরিলা আবুল হোসেন উদ্বোধনী বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—জাবিপ্রবির প্রক্টর ও ফিশারিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. সাদিকুর রহমান ইমন, ড. আব্দুস সাত্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক এস.এম. আল ফাহাদ, প্রবীণ সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, সিপিবি নেতা বকুল নাহা, সাবেক ছাত্রনেতা আহসান হাবিব, প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির সভাপতি এস.এম. আব্দুল্লাহ ও জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে। স্বাধীনতার সব অর্জন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাষ্ট্র ও সমাজ উভয়কেই আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

Advertisement

Advertisement