জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা প্রকল্প প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে সকাল ১০টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে গবেষকরা তাদের চলমান ও সম্পন্ন প্রকল্পের ফলাফল, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুশারফ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ও আহ্বায়ক ড. মাহমুদুল হাসান এবং সমন্বয়কের দায়িত্বে ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান প্রভাষক সিজার রহমান
গবেষণা উপস্থাপন শেষে অতিথিরা বিভিন্ন বিভাগের গবেষণাপত্র দেখেন এবং তরুণ গবেষকদের অভিনন্দন জানান।
উপস্থাপনায় উঠে আসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, স্থানীয় শিল্পের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ সম্পর্কিত নানা উদ্ভাবনী প্রস্তাব।
উপস্থিত গবেষক শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে গবেষণার মিলনমেলা, যেখানে একাডেমিক উৎকর্ষ ও সৃজনশীলতার এক অনন্য উদাহরণ ফুটে ওঠে।




