আতিকুর রহমান আতিক:
সম্প্রতি একের পর এক ভূমিকম্পের ঘটনায় রাজধানীর ভবনগুলো নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিশেষ উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির প্রকৌশল বিভাগের মাধ্যমে চালু করা হয়েছে ‘ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান’ সেবা, যা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
সূত্র জানায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে গত ২৬ নভেম্বর থেকে এ সেবা কার্যক্রম শুরু হয়। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে সেবাটির বিস্তারিত উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ভূমিকম্পের পর ভবন, বাসাবাড়ি, দোকান বা অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়া স্বাভাবিক। কিন্তু এই উদ্বেগ অবহেলা করা বিপজ্জনক। দৃশ্যমান ফাটল, ভবনের হেলে পড়া বা অস্বাভাবিক শব্দ থাকলে বিশেষজ্ঞ মূল্যায়ন জরুরি।”
দলের প্রকৌশল বিভাগ অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের নিয়ে এই বিশেষ স্ক্যান কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকা ও আশপাশে সেবা দেওয়া হচ্ছে। সেবার মধ্যে রয়েছে—
ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন
প্রয়োজন অনুযায়ী সাইট পরিদর্শন
দৃশ্যমান ক্ষতি ও সম্ভাব্য বিপদের চিহ্ন শনাক্তকরণ
জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ
ভিডিও ডকুমেন্টেশনসহ প্রাথমিক প্রতিবেদন
প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেল কর্তৃক চূড়ান্ত রিপোর্ট প্রদান
প্রকৌশলী আলিফ জানান, “১০টি জোনে ১০টি টিমে প্রায় ৩০ জন দক্ষ প্রকৌশলী কাজ করছেন। সম্পূর্ণ বিনা খরচে এ সেবা নিতে এখন পর্যন্ত ২৩০টি কল পাওয়া গেছে। এর মধ্যে ২৫টি বাড়িতে সরাসরি টিম পরিদর্শন করেছে এবং ৬৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, বেসরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। প্রতিদিনই হটলাইন—০১৩২৭১২১৯৩৫, ০১৩২৭১২৩০৯৯, ০১৩২৭১২১৩০১—এ কল বাড়ছে। চাহিদা অনুযায়ী সেবা অব্যাহত থাকবে।
জননিরাপত্তায় ভূমিকা রাখায় প্রকৌশল বিভাগকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, “এ মুহূর্তে শুধু জামায়াত নয়, দেশের সব সুযোগ্য প্রকৌশলী ও বিশেষজ্ঞের এগিয়ে আসা অত্যাবশ্যক। সম্মিলিত প্রচেষ্টায় আরও নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব, ইনশাআল্লাহ।”




